দেশজুড়ে

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাটে নিজাম উদ্দিন শান্ত নামে এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার (২৪ জুলাই) রাতে বাগেরহাট শহর এলাকায় দুষ্কৃতকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, তিনি চেম্বারে কাজ শেষ করে যথারীতি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে তার মোটরসাইকেল থামিয়ে তাকে আক্রমণের চেষ্টা করা হলে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। সে সময় দুষ্কৃতকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, জেলা বার অ্যাসোসিয়েশনের নেতারা আজ শনিবার (২৫ জুলাই) সকালে বাগেরহাট জেলা হাসপাতালের মর্গের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য যে, এই আইনজীবী দুই মাস আগে এক দুর্ঘটনায় তাঁর বাবাকে হারিয়েছেন। তার আগে তিনি তাঁর মা ও স্ত্রীকে হারান। তাঁর একজন দ্বিতীয় স্ত্রী ও তিন কন্যা রয়েছে।