আন্তর্জাতিক

সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তিতে অনুমোদন দিয়েছেন। আজ বুধবার (২২ জুলাই) এ বিষয়ে অবগত দুটি সূত্র জানিয়েছে, এই চুক্তির ফলে রিয়াদ তার বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা পাবে বলে আশা করা হচ্ছে। সূত্রটির মতে, যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে বুধবার চুক্তিটি সম্পর্কে একটি প্রকাশ্য ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এ প্রথম প্রকাশিত প্রতিবেদন অনুসারে, চুক্তিটি ৩০ বছরের জন্য কার্যকর থাকবে এবং এর মাধ্যমে মার্কিন কোম্পানিগুলো সরাসরি সৌদি আরবের পারমাণবিক কর্মসূচির উন্নয়নে যুক্ত হবে। চুক্তির একটি বিধান অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ সমীক্ষার পর মার্কিন কোম্পানিগুলো সৌদি আরবে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করতে পারবে।
বিশ্লেষকদের মতে, এই চুক্তির মাধ্যমে মার্কিন পারমাণবিক শিল্পের জন্য বিলিয়ন ডলার রাজস্ব আয়ের সম্ভাবনা রয়েছে। তবে, চূড়ান্ত অনুমোদনের আগে চুক্তিটি পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে জমা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
সৌদি আরব ভিয়েনা-ভিত্তিক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএএইএ)-এর একটি সদস্য রাষ্ট্র, যা বিশ্বজুড়ে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে উৎসাহিত করে। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন উভয়েই অতীতে মার্কিন পারমাণবিক প্রযুক্তি বিনিময়ের জন্য রিয়াদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেছেন।
মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট গত বছর, ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের ঠিক আগে রিয়াদ সফর করেছিলেন। সে সময় তিনি তার সৌদি প্রতিপক্ষের সঙ্গে দেশটিতে একটি বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ শিল্পের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সূত্র: আরব নিউজ