ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় তারিফ উদ্দিন (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি আজ বুধবার (২২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চণ্ডীপুর এলাকার হান্নান ফিলিং স্টেশনের সামনে ঘটে।
পুলিশ জানায়, তারিফ উদ্দিন বুধবার সকালে অন্যান্য দিনের মতো ফজরের নামাজ শেষে হাঁটতে বেরিয়েছিলেন। এরপর তিনি হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ঝিনাইদহের দিক থেকে আসা একটি ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের লেনে ঢুকে পড়ে। সে সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তারিফ উদ্দিনকে ট্রাকটি ধাক্কা দেয় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। ঝিনাইদহ-আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

