দেশজুড়ে

পুকুরের পানিতে ডুবে দুই ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলার মুরিল ইউনিয়নের ভালতা আদর্শ গুচ্ছগ্রামের একটি পুকুরে ডুবে দুই ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে।
স্থানীয়দের সহায়তায় কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তিনজনের মরদেহ উদ্ধার করেন। এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস প্রধান আরজু আহমেদ। নিহত শিশুরা হলো বগুড়ার কাহালু উপজেলার মুরিল ইউনিয়নের ভালতা আদর্শ গুচ্ছগ্রামের ফারুক হোসেনের ছেলে ফাহিম হোসেন (৮), মেয়ে সুরেইয়া খাতুন (৫) এবং প্রতিবেশী মো. আসাদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে শিশু ফাহিম হোসেন, তার বোন সুরেইয়া খাতুন ও জাকিরুল ইসলাম গুচ্ছগ্রামের একটি পুকুরে স্নান করতে গিয়েছিল। স্নানের এক পর্যায়ে তিন শিশু ডুবে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে যান। দুপুর দেড়টার দিকে ফায়ারফাইটার আমির হামজা স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করেন।
কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, পুকুর থেকে উদ্ধার হওয়া তিন শিশুর মরদেহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি আকস্মিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।