দেশজুড়ে

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যার অভিযোগে রবিউল গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে পুলিশ রবি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত রবিউল আউরিয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদারের ছেলে। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিশুটি সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা খোঁজ করতে গিয়ে রবিউলের বাড়ির ভেতর থেকে কাপড়ে ঢাকা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে। আত্মীয়দের দাবি, ধর্ষণের পর শিশুটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পরদিন আজ সকালে অভিযুক্ত রবিউল দত্তপাড়া এলাকায় ঘোরাঘুরি করার সময় স্থানীয়রা তাকে চিনে ফেলে এবং মারধর করে।
খবর পেয়ে নড়াইল সদর থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রবিউলকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া রবিউল বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় মামলা করার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।