সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী ভাইয়ের মৃত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী ভাই, ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজন (২১), নিহত হয়েছেন।
গতকাল বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টার দিকে একটি ব্যক্তিগত গাড়িতে রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তারা মারা যান। তারা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের গনিপুর গ্রামের খলিফা বাড়ির বাসিন্দা আব্দুল মালেকের বড় ও মেজো ছেলে। এই ঘটনায় তাদের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
ছেলেদের সহকর্মীদের বরাত দিয়ে বাবা আব্দুল মালেক জানান, সজীব ও সুজন জেদ্দায় ব্যবসা করতেন। ব্যবসার মালামাল কিনতে তারা দুজনেই বুধবার রিয়াদ শহরে গিয়েছিলেন। মালামাল নিয়ে ফেরার পথে বুধবার বাংলাদেশ সময় রাত ২টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এই সময় তাদের গাড়ির সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। সজীব ও সুজন ঘটনাস্থলেই মারা যান।
তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন আব্দুল মালেক। এদিকে, দুই ভাইয়ের মৃত্যুর খবর তাদের গ্রামের বাড়িতে পৌঁছালে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াসমিন নিপা বলেন, আমরা ঘটনাটি সম্পর্কে অবগত নই। আমরা তদন্ত করে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করব।

