আন্তর্জাতিক

মার্কিন হামলার আশঙ্কায় পরীক্ষা কেন্দ্র স্থানান্তর করছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে, ইরানের শিক্ষা মন্ত্রণালয় দেশের সংবেদনশীল ও সামরিক স্থাপনার কাছাকাছি অবস্থিত সমস্ত শিক্ষামূলক পরীক্ষা কেন্দ্রকে আরও নিরাপদ ও দূরবর্তী স্থানে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।
পরীক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এই কেন্দ্রগুলোকে বিভিন্ন পাবলিক হল এবং ধর্মীয় উপাসনালয়ে স্থানান্তর করা হয়েছে। পারস্য উপসাগরে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে তেহরানের এই বিশেষ সুরক্ষামূলক ব্যবস্থার খবরটি আজ বুধবার (১৫ জুলাই) প্রকাশিত হয়।
দেশটির রাষ্ট্রীয় ফার্স নিউজ এজেন্সি ইরানের শিক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে জানিয়েছে যে, বিভিন্ন সেনা ছাউনি বা অন্যান্য সংবেদনশীল সামরিক স্থাপনার সংলগ্ন এলাকায় অবস্থিত পরীক্ষা কেন্দ্রগুলোকে সম্ভাব্য মার্কিন বিমান হামলা থেকে ক্ষতি ও ঝুঁকি এড়াতে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা বলেছেন যে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের একটি শান্ত ও মানসিকভাবে স্থির পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই পরীক্ষাগুলো এখন শহরের বড় পাবলিক হলগুলোতে এবং স্থানীয় ধর্মীয় কেন্দ্র বা উপাসনালয়ের মতো নিরাপদ স্থানে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে প্রার্থীদের সম্ভাব্য সামরিক হামলা, বোমা হামলা বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি থেকে রক্ষা করার চেষ্টা করা হবে।

সূত্র: মিডল ইস্ট আই