জাতীয়

ফিরে এলে শেখ হাসিনাকে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: শামা ওবাইদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবাইদ বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী আত্মসমর্পণ করতে হবে। তাঁকে জেলে যেতে হবে। আজ সোমবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। শেখ হাসিনা দেশে ফিরলে আইনি প্রক্রিয়া কী হবে জানতে চাইলে শামা ওবাইদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী আত্মসমর্পণ করতে হবে।
তাঁকে জেলে যেতে হবে। সেক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। অভিযুক্ত যদি আত্মসমর্পণ না করে রাজনৈতিক মন্তব্য করেন, তাহলে আমার মনে হয় তিনি তাঁর দলের সেইসব নেতা ও কর্মীদের জাগিয়ে তোলার চেষ্টা করছেন, যারা এই উস্কানিমূলক মন্তব্য করে পালিয়ে গেছেন। এ ছাড়া আমি আর কোনো কারণ দেখি না।
তিনি আরও বলেন যে, সরকারি পক্ষ থেকে প্রক্রিয়াটি ইতোমধ্যে শুরু হয়ে গেছে, কূটনীতির ক্ষেত্রে যেকোনো দেশের সঙ্গে আমাদের যে প্রক্রিয়া রয়েছে তা চলছে এবং যদি কোনো অভিযুক্ত আত্মসমর্পণ করেন, তাহলে বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী যা যা প্রয়োজন, তা করা হবে।
শেখ হাসিনার আত্মসমর্পণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শামা ওবাইদ বলেন, “তিনি কি ভারতীয় নাগরিক? সুতরাং সেখানকার থানায় তিনি কী করেন বা না করেন, তা তাঁর ব্যক্তিগত ব্যাপার, এটা আমার দেখার বিষয় নয়। একজন অভিযুক্ত কোথায় আত্মসমর্পণ করছেন, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয় এবং এটা এখানকার সরকারের দেখার বিষয় নয়। তিনি বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আত্মসমর্পণ করুন বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুন, প্রক্রিয়া একই থাকবে, তাঁকে জেলে যেতে হবে, তিনি যে শাস্তি পাবেন তারও মুখোমুখি হতে হবে।” অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “একজন অভিযুক্ত কী বলছেন, তা আমলে নেওয়ার কথা বাংলাদেশ সরকারের নয়। বাংলাদেশের আইন অনুযায়ী, একজন ব্যক্তিকে ইতোমধ্যে দণ্ড দেওয়া হয়ে গেছে। আমাদের যে প্রক্রিয়া রয়েছে, তা ইতোমধ্যে চলমান। নতুন করে আবার কোনো প্রক্রিয়া শুরু করার কোনো সুযোগ নেই।” অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারতে শেখ হাসিনার দেওয়া বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ উঠেছিল। বর্তমান সরকার এ বিষয়ে ভারতকে জানাবে কি না, জানতে চাইলে শামা ওবাইদ বলেন, “বিবৃতি দিয়ে আপনাদের কিছু বলার নেই। ভারতের সঙ্গে আমাদের চলমান আলোচনা, আলাপ-আলোচনা ও মতবিনিময়ের সময় এই বিষয়টি নিয়ে আলোচনা হয়।” কোনো অভিযুক্ত দেশের বাইরে থাকলেও তিনি আত্মসমর্পণ করুন বা না করুন, বিচার প্রক্রিয়া একই থাকবে। সরকারের পক্ষ থেকে আমাদের যে প্রক্রিয়া রয়েছে, তা চলমান।