দেশজুড়ে

নিখোঁজ হওয়ার দুই দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নিজ বাড়ির কাছের একটি পুকুর থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর আবুল হোসেন (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাজার রোড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বিকেলে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত আবুল হোসেন একলাশপুর ইউনিয়নের প্রয়াত বাবুলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আবুল হোসেনের ভাইয়েরা বিদেশে থাকেন এবং তিনি বেকার ছিলেন। শুক্রবার রাতে বাড়িতে এক ভাইঝির বিয়ের অনুষ্ঠান ছিল। সেই রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন। রবিবার সকালে বাড়ির কাছের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে বেগমগঞ্জ থানা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, পরিবারের সদস্যদের মতে, মৃগীরোগে আক্রান্ত আবুল হোসেন শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন। দুদিন পানিতে থাকার পর দেহটি ফুলে গিয়েছিল। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে লাশটি ময়নাতদন্তের জন্য ৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।