আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ৮ জন নিহত

রাশিয়া গতকাল শনিবার (১১ জুলাই) ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গাইডেড বোমা ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, এতে অন্তত ৮ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।
এদিকে, রাজধানী কিয়েভে একটি ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ ১২ জন আহত হয়েছেন বলে শহরের মেয়র জানিয়েছেন। কিয়েভের সাংবাদিকরা জানিয়েছেন, ভোরের দিকে অল্প সময়ের ব্যবধানে দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রথম বিস্ফোরণের কয়েক মিনিট পরেই শহরে বিমান হামলার সতর্কীকরণ সাইরেন বেজে ওঠে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণাঙ্গ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাশিয়া প্রায় প্রতিদিনই কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। তবে, সাম্প্রতিক সময়ে উচ্চ-গতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ধারাবাহিক হামলা ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বাড়িয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া রাতভর ১২০টিরও বেশি ড্রোন ও ১২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার অর্ধেকই ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তিনি বলেন, “বিমান হামলার সতর্কতা জারির আগেই বেসামরিক অবকাঠামোতে আঘাত হানা হয়েছে।”
জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীদের কাজ করার ভিডিও পোস্ট করেছেন। তিনি বলেন, কিয়েভে আবাসিক ভবন, অফিস এবং একটি ধর্মীয় সেমিনারি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের আরও কয়েকটি অঞ্চলেও উদ্ধার অভিযান চলছিল।
এদিকে, উত্তরের শহর সুমির মেয়র আর্তেম কোবজারের মতে, রাশিয়ার একটি নিয়ন্ত্রিত বোমা হামলায় এক কিশোরীসহ পাঁচজন নিহত হয়েছেন। এছাড়াও, ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্কে রাশিয়ার হামলায় একজন এবং দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসাতে ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হয়েছেন।