জাতীয়

সাবেক স্পিকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংসদের বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। আজ রবিবার (১২ জুলাই) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।
সংসদ সচিবালয় জানায়, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ১২ জুলাই রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। এক শোকবার্তায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ প্রয়াত বীর বিক্রমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে, ১৯৬১ সালে তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান এবং লন্ডনের লিংকন’স ইন থেকে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে তিনি আইন পেশায় যোগদান করেন এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালতে সাংবিধানিক, দেওয়ানি ও ফৌজদারি আইনে একজন প্রখ্যাত বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য যে, তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। বিভিন্ন সময়ে তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।