চুয়াডাঙ্গায় ডুবে স্কুলছাত্রের মৃত্যু
চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামে মাছ ধরতে গিয়ে ডুবে মারা গেছে দশম শ্রেণির ছাত্র মোহাম্মদ সাইম (১৫)। গতকাল শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাদিপুর মোরাগাং বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাইম নতুন বাস্তপুর গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে। সে দামুরহুদা পাইলট হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, গতকাল সকালে সাইম তার চাচাদের সঙ্গে শামরা মাঠে মাছ ধরতে গিয়েছিল। দুপুর নাগাদ সে মোরাগাং বিলে নামলে ডুবে যায়। পরে আত্মীয়স্বজন ও স্থানীয়রা নানাভাবে তাকে খুঁজে না পেয়ে দমকল বাহিনীকে খবর দেয়। এরপর বিকেলে দমকল বাহিনীর একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার একটানা অভিযানের পর রাত সাড়ে ৭টার দিকে সাইমের মরদেহ উদ্ধার করা হয়।
দামুরহুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।

