দেশজুড়ে

পাবনায় ভ্যানচালক খুন

পাবনার চাটমোহর উপজেলায় দুষ্কৃতকারীদের হাতে নাশের আলী (৪২) নামে এক ভ্যানচালক খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বয়ালমারী কবরস্থানের কাছে। চাটমোহর সার্কেল সহকারী পুলিশ সুপার নাশের মুন্সি বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নাশের আলী উপজেলার হরিপুর ইউনিয়নের আগশয়িল টোলতালিপাড়া গ্রামের নিহত খোরশেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে নাশের যাত্রীসহ একটি ভ্যানে করে চাইকোলার দিকে যাচ্ছিলেন। সেখান থেকে চাটমোহরে ফেরার পথে বয়ালমারী কবরস্থানের পূর্ব দিকে দুষ্কৃতকারীরা তাকে থামায়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত ও গলা কেটে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। গুরুতর আহত অবস্থায় নাশের দৌড়ে কাছের সবুজের বাড়ির দরজায় ধাক্কা দিলে সেখানেই পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাসের মুন্সি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে মৃতের পরিচয় শনাক্ত করে আত্মীয়দের খবর দেওয়া হয়। আত্মীয়রা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নাসের আলীর বলে শনাক্ত করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে অটোভ্যান ছিনতাইয়ের জন্য নাসেরকে হত্যা করা হয়েছে। তবে, পুলিশ আসল কারণ উদঘাটন এবং এই ঘটনায় জড়িতদের শনাক্ত করার জন্য কাজ করছে। ঘটনাস্থল থেকে নিহতের অটোভ্যানটি জব্দ করা হয়েছে।