ইরানে নতুন মার্কিন হামলায় ১৪ জন নিহত
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে শুরু হওয়া মার্কিন হামলায় ইরানের পাঁচটি প্রদেশে ১৪ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন। অন্যদিকে, মার্কিন আগ্রাসনের জবাবে কুয়েত, কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে বিপুল সংখ্যক ড্রোন হামলা চালানোর দায় স্বীকার করেছে ইরানের সামরিক বাহিনী।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল বুধবার (৮ জুলাই) থেকে দেশের পাঁচটি প্রদেশে শুরু হওয়া মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন।
ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা কুয়েতে একটি মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, কাতারে একটি আর্লি ওয়ার্নিং স্যাটেলাইট অ্যান্টেনা সাইট এবং বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর মালিকানাধীন একটি জ্বালানি ট্যাংককে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। তেহরান নিশ্চিত করেছে যে এই হামলাগুলোতে বিভিন্ন ধরনের বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার করা হয়েছে।
এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছেন যে, যুক্তরাষ্ট্রের ‘নির্বোধ রাষ্ট্রপতির’ লক্ষ্য ও আকাঙ্ক্ষা কোনো অবস্থাতেই পূরণ হতে দেওয়া হবে না এবং চূড়ান্ত বিজয় পর্যন্ত ইসলামী বিপ্লবের মহান আদর্শ রক্ষা করা হবে।
সূত্র: আল জাজিরা

