আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ৩টি দেশে মার্কিন সামরিক স্থাপনায় নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান

সাম্প্রতিক মার্কিন প্রাণঘাতী হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, কাতার, কুয়েত এবং বাহরাইনে অবস্থিত “মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্থাপনা” লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় বিপুল সংখ্যক বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে। তবে, হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। একই সময়ে, যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, মার্কিন প্রেসিডেন্টের “বেপরোয়া নীতি ও উদ্দেশ্য” কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। এতে আরও বলা হয় যে, ইসলামী বিপ্লবের আদর্শ রক্ষার জন্য দেশের সশস্ত্র বাহিনী শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাবে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মার্কিন হামলার পর ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি এবং ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপের কারণে পরিস্থিতি একটি নতুন সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা