বিবিধ

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজারে গরুবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি আজ সোমবার (৬ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে ঘটে। নিহতরা হলেন নরসিংদী উপজেলার শিবপুর উপজেলার পুন্দাইল গ্রামের আবু সাঈদের ছেলে বিল্লাল (৩৫), একই গ্রামের আবদুস সোবহানের ছেলে খুরশিদ (৬০) এবং একই উপজেলার পিকআপ ভ্যান চালক খোকন (৩৯)।
পুলিশ জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী ‘অনন্য ক্লাসিক’ নামের যাত্রীবাহী বাসটি বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। পিকআপ ভ্যানের চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরও দুজন আহত হন। এছাড়া পিকআপ ভ্যানে থাকা ছয়টি গরুও মারা যায়। খবর পেয়ে পুলিশ ও পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের উদ্ধার করেন।
পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা নূর মোহাম্মদ সারওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল সোয়া ৩টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। সে সময় পিকআপ ভ্যানটির ভেতরে আটকে পড়া কয়েকজনকে উদ্ধার করা হয়। নিহত তিনজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।