জাতীয়

স্থানীয় সরকার মন্ত্রী: বাংলাদেশের উন্নয়নের পরিকল্পনা নিয়ে সরকার চালাচ্ছেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের উন্নয়নের পরিকল্পনা নিয়ে সরকার চালাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম একটি এজেন্ডা। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আজ সোমবার (৬ জুলাই) ওসমানী মেমোরিয়াল অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আগের ফ্যাসিবাদী সরকার উন্নয়নের নামে অর্ধেক কাজ করে বাকিটা নিজেদের পকেটে পুরেছে। তারা আমাদের অনেক ক্ষতি করেছে, আমাদের বিশ্বাস ও আস্থা ধ্বংস করেছে। আমরা সেগুলো আবার গড়ে তোলার চেষ্টা করছি। তিনি আরও বলেন, আমরা যদি নিজেদের পরিবর্তন চাই, তাহলে আমাদের নিজেদের উদ্যোগেই তা করতে হবে। প্রতিবেশী দেশ বা যুক্তরাষ্ট্র থেকে কেউ এসে কিছু করে দেবে না।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, পুনরায় গ্রাম সরকার চালুর বিষয়ে আলোচনা চলছে। তিনি বলেন, গ্রাম সরকার চালু হলে নেতৃত্ব গ্রাম থেকেই শুরু হবে। একই সাথে তিনি বলেন, দুর্নীতিকে অবশ্যই ‘না’ বলতে হবে। আমরা মানুষকে মানবাধিকার লঙ্ঘন করতে দেখতে চাই না। আমি নিজে যদি সঠিক হই, তবে অন্যদেরও সঠিক করতে পারি।