জাতীয়

স্পিকার দেশে ফিরলেন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের জানাজায় অংশ নিয়ে দেশে ফিরেছেন। তিনি গতকাল রবিবার (৬ জুলাই) রাত ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে, স্পিকার ২ জুলাই ঢাকা থেকে তেহরানের উদ্দেশে রওনা হন। তেহরানে নিহত ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের রাষ্ট্রীয় জানাজা ও শোকসভায় তিনি বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় আয়োজিত শোকসভায় নিহত আলী খামেনেইয়ের আত্মার শান্তি কামনায় দোয়া করার পাশাপাশি স্পিকার ইরানের রাষ্ট্রপতি মাসুদ পাজহোকিয়ানসহ উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেন।
স্পিকার হাফিজউদ্দিন আহমদ, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত শান্তি চুক্তি বাস্তবায়নে ইরানের স্পিকার গালিবফের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। এছাড়াও, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ তাঁকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।
উল্লেখ্য যে, আয়াতুল্লাহ খামেনেই ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শাহাদাত বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।