দেশজুড়ে

চাঁদা না দেওয়ায় নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, ২ জন গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের জোবায়ের হোসেন ওরফে রাকিব (২৩) হত্যা মামলায় র‌্যাব-১১ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আজ রবিবার (৫ জুলাই) দুপুরে র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী কোম্পানি কমান্ডার এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবির সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ঢাকার রামপুরা ও বাড্ডা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন ওই উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের রফিকের ছেলে এবং পিয়াস একই গ্রামের আলী আহমেদের ছেলে। নিহত রাকিব একই ইউনিয়নের খানপুর গ্রামের সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে।
র‌্যাব জানায়, নিহত রাকিবের বাবা ও চাচা যৌথভাবে উপজেলার খানপুর গ্রামে তাদের জমিতে একটি পাঁচতলা ভবন নির্মাণ করছিলেন। নির্মাণকাজ চলাকালে অভিযুক্তরা রাকিবের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। রাকিব তার চাচার কাছ থেকে টাকা আনতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। ফলে, গতকাল বাড়ি ফেরার পথে শরিফপুর ইউনিয়নের পাকমুনসিরহাট এলাকায় রাকিবকে পূর্বপরিকল্পিতভাবে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের মা বেগমগঞ্জ থানায় বাদী হিসেবে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার জানান যে, পরবর্তী আইনি পদক্ষেপের জন্য গ্রেপ্তারকৃত অভিযুক্তদের ঢাকার হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।