দেশজুড়ে

চেক ও স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নিতে গিয়ে বরিশালে ব্যবসায়ীকে মারধরের অভিযোগে লিটু গ্রেপ্তার

একাধিক চেক ও স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগে বরিশালে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে, ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে তা নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। ওই ব্যবসায়ী হলেন অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদার।
ঘটনাটি ঘটে গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বরিশাল শহরের সদর রোডে অবস্থিত অগ্রণী হাউজিং কোম্পানি নামের প্রতিষ্ঠানে কয়েকজন লোক প্রবেশ করে। এক পর্যায়ে হামলাকারীরা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে মারধর করে এবং স্বাক্ষর আদায় করে।
হামলার শিকার আব্দুল আজিজ দাবি করেছেন, শহরের কাটপট্টি রোড এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান লিটু এই হামলার নেতৃত্ব দিয়েছে। মারধরের এক পর্যায়ে লিটু তার কাছ থেকে দুটি চেকে সই ও কয়েকটি স্ট্যাম্প নেয়। তবে লিটুর দাবি, সে ও আরও কয়েকজন অগ্রণী হাউজিং কোম্পানির পরিচালক। কিন্তু ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে তাদের ঠকিয়ে আসছেন।
এদিকে, হামলাকারীর সঙ্গে যুবদলের নাম জড়িয়ে যাওয়ায় সংগঠনটির শীর্ষ নেতৃত্ব বিব্রত। পরে এক সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেন, মোস্তাফিজুর রহমান লিটু যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত নন। হামলা এবং চেক ও স্ট্যাম্পে সই করার ঘটনায় ভুক্তভোগী আব্দুল আজিজ আদালতে একটি মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।