ফরিদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে আহত
ফরিদপুরের মধুখালী উপজেলার কোরকাড়ি এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে নগদ ১ লক্ষ ৯২ হাজার টাকা ছিনতাই করা হয়েছে। এই ঘটনায় দুইজনকে অভিযুক্ত করে আহতের পরিবার মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। গতকাল শুক্রবার (৩ জুলাই) বিকেলে আহত ব্যবসায়ী রনি শেখের বাবা খালেক শেখ বাদী হিসেবে মধুখালী থানায় অভিযোগটি দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কোরকাড়ি গ্রামের বাসিন্দা রনি শেখ (৩০) স্থানীয় কোরকাড়ি বাজারে বিকাশ, নগদ, ফ্লেক্সিলোড ও প্রসাধনী বিক্রি করতেন। গত বৃহস্পতিবার (২ জুলাই) রাত প্রায় ১০টা ১৫ মিনিটে তিনি দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার পথে, রাত প্রায় সাড়ে দশটা নাগাদ, কোরকড়ি এলাকার বেঝাল মণ্ডল এবং গোসাই চন্দ্র সরকারের বাড়ির মধ্যবর্তী সরকারি পাকা রাস্তায় পৌঁছালে কিছু দুষ্কৃতকারী তার পথ আটকে দেয়।
অভিযোগে বলা হয়েছে যে, অভিযুক্তরা প্রথমে রনির কাছে থাকা টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করলে, তারা তাদের সাথে থাকা ধারালো দা দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি তার ডান ও বাম হাতে আঘাত করে এবং মারধর করে। এতে ওই ব্যবসায়ী গুরুতর আহত হন। এক পর্যায়ে রনি শেখ মাটিতে পড়ে গেলে দুষ্কৃতকারীরা তার কাছে থাকা ব্যবসার নগদ ১ লক্ষ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয়।
অভিযোগে কোরকড়ি মাঝিপাড়ার বাসিন্দা আকাশ বিশ্বাস (২৫), পিতা- মৃত নিপেন্দ্র বিশ্বাস, কোরকড়ি বাবুপাড়ার বাসিন্দা জিহাদ শেখ (২৭), পিতা- আক্কাচ শেখ এবং আরও দুইজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে নাম দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখদেব রায় জানান, এই ঘটনায় তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

