আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘনের দায়ে সৌদি আরবকে হুমকি দিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী (হুথি) সৌদি আরবকে হুমকি দিয়েছে এবং অভিযোগ করেছে যে, সৌদি যুদ্ধবিমান ইয়েমেনের আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইরানি বেসামরিক বিমানকে অবতরণে বাধা দিয়েছে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বিষয়টি নিশ্চিত করেছেন।
ইয়াহিয়া সারি একটি ভিডিও বিবৃতিতে বলেন, গতকাল শুক্রবার (৩ জুলাই) সৌদি “যুদ্ধবিমান” একটি ইরানি বেসামরিক বিমানকে অবতরণে বাধা দেয়। আমরা সৌদি আরবকে সতর্ক করছি, তারা যেন আমাদের আকাশসীমা লঙ্ঘন না করে বা আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসন চালানোর চেষ্টা না করে। এমন ঘটনা আবার ঘটলে আমরা কঠোর জবাব দেব। আমাদের পাল্টা হামলায় সৌদি বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। ইয়েমেন সৌদি-মার্কিন সমর্থিত এই অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া অবরোধ মেনে নেবে না, তিনি আরও বলেন।
সারি আরও বলেন, গতকাল ভোর ৫:২০ মিনিটে (জিএমটি ০২:২০) বিদ্রোহীরা হুথি-নিয়ন্ত্রিত আকাশসীমায় সৌদি যুদ্ধবিমানের “অনুপ্রবেশের” একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এই অনুপ্রবেশের লক্ষ্য ছিল “২০০ জনেরও বেশি আটকে পড়া, আহত ও অসুস্থ নাগরিককে বহনকারী একটি ইরানি বেসামরিক বিমানকে” সানায় অবতরণ করতে বাধা দেওয়া। সারি আরও বলেন যে, যেকোনো “সম্ভাব্য পরিণতি” সত্ত্বেও সানা ও তেহরানের মধ্যে বিমান চলাচল অব্যাহত থাকবে।