দেশজুড়ে

বড় ভাইয়ের দাফনের কয়েক ঘণ্টা পরেই ছোট ভাইয়ের মৃত্যু

চাঁদপুরের হাজিগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এক ভাইয়ের শোক কাটতে না কাটতেই অন্য ভাইয়ের মৃত্যুর খবরে পুরো পরিবেশ শোকের সাগরে ডুবে যায়। ঘটনাটি ঘটেছে পৌরসভার রান্ধুনীমুড়া এলাকায়।
গতকাল রবিবার (২৮ জুন) পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকায় শুকু কমিশনারের বাড়ির বাসিন্দা শাহিন (৪৫) মারা যান। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। জোহরের নামাজের পর তাঁর জানাজা সম্পন্ন হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বড় ভাইয়ের দাফনের কয়েক ঘণ্টা পর একই দিনে রাত ১০টা ৫০ মিনিটে তাঁর ভাই আলমগীর হোসেন (৪০) মারা যান। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। তিনি চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বাড়িতে আনা হয়। ওই রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন জনি চৌধুরী বলেন, “একই দিনে একই পরিবারের দুই ভাইকে হারানোর মতো এমন মর্মান্তিক ঘটনা খুবই বিরল। তাদের মৃত্যুতে শুধু পরিবার নয়, পুরো এলাকা শোকের ছায়ায় আচ্ছন্ন।” হাজীগঞ্জ থানার ওসি আব্দুল মান্নান বলেন, “আমি বিষয়টি শুনেছি এবং দুই ভাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছি।”