দেশজুড়ে

টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় নারীর লাশ উদ্ধার

টাঙ্গাইল থেকে হাত-পা বাঁধা, গলায় দড়ি এবং রক্তাক্ত অবস্থায় নাজমা আলম (৫১) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২৮ জুন) বিকেলে জেলা নগরীর শিবনাথ পাড়া এলাকায় তার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত নাজমা এলাকার পশু চিকিৎসক শফিউল আলম শাহীনের স্ত্রী বলে জানা গেছে। মৃতার আত্মীয় ও স্থানীয়রা জানান, শফিউল আলম সকালে অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন।
পরে তিনি তার স্ত্রী নাজমাকে মোবাইল ফোনে বেশ কয়েকবার ফোন করে কোনো খবর না পেয়ে সাবেক ভাড়াটিয়ার সঙ্গে যোগাযোগ করেন। এরপর তিনি বাড়ির নিচতলার ভাড়াটিয়ার কাছ থেকে জানতে পারেন যে নাজমার অবস্থা আশঙ্কাজনক। তখন তিনি বাড়ির তিন তলার ঘরে ঢুকে দেখেন, হাত-পা বাঁধা, গলায় দড়ি এবং রক্তাক্ত অবস্থায় নাজমার লাশ পড়ে আছে। পরে পরিবারের সদস্যদের ও পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, এটি নিঃসন্দেহে একটি হত্যাকাণ্ড। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে তিনি কীভাবে মারা গেছেন। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।