বিবিধ

ফুলগাজীতে পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত

ফেনীর ফুলগাজী উপজেলায় মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার (২৭ জুন) রাতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ কাউসার (২৭), ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের কাজী হায়াতের স্ত্রী ওয়াহিদা আক্তার জুই (২০) এবং তার মা জাকিয়া আক্তার। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পরশুরাম থেকে ফেনী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। মোহাম্মদ কাউসার ও ওয়াহিদা আক্তার জুই ঘটনাস্থলেই মারা যান।
জাকিয়া আক্তারসহ তিনজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় জাকিয়া আক্তার মারা যান। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, দুজন ঘটনাস্থলেই এবং একজন হাসপাতালে মারা যান। এই ঘটনায় আরও দুজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।