ইরান-মার্কিন আলোচনায় যোগ দিতে সুইজারল্যান্ডের উদ্দেশে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ-পর্যায়ের আলোচনায় অংশ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির সুইজারল্যান্ডের বুরগেনস্টকের উদ্দেশে রওনা হয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। আল জাজিরা এ খবর দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, এই আলোচনায় কাতারেরও অংশ নেওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত চুক্তি বাস্তবায়নের জন্য পাকিস্তান সমর্থন ও কাজ করে যাবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও এই বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন। তিনি স্থানীয় সময় আজ রবিবার (২১ জুন) দেশটির উদ্দেশে রওনা হন।
এর আগে গতকাল শনিবার (২০ জুন) তিনি সাংবাদিকদের বলেন যে, তিনি পারমাণবিক ইস্যু এবং লেবাননে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অগ্রগতি আশা করছেন। ভ্যান্স বলেন, “খবরের শিরোনামগুলো দেখলে বোঝা যায়, সেখানকার (লেবাননের) পরিস্থিতির আসলে কিছুটা উন্নতি হচ্ছে এবং উত্তেজনাও কিছুটা কমছে।”

