দেশজুড়ে

রাজশাহীতে দুটি রেস্তোরাঁয় হামলা ও ককটেল বিস্ফোরণ, পুলিশ সদস্য আহত

খাবার কেনা নিয়ে রাজশাহীতে একই মালিকের দুটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (১৯ জুন) রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকার ‘বাংলা টিফিন’ ও ‘বঙ্গভোজ’ নামের দুটি রেস্তোরাঁয়। হামলার সময় দুষ্কৃতকারীদের লাঠি, ছুরি, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র বহন করতে দেখা যায় এবং তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে মতিহার থানার কনস্টেবল ফয়েজ আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রমজান নামে এক স্থানীয় ব্যক্তি রাত প্রায় সাড়ে ৯টায় বিনোদপুরের বাংলা টিফিন হোটেলে খাবার কিনতে আসেন। খাবার পরিবেশনে দেরি হওয়ায় হোটেল কর্তৃপক্ষের সঙ্গে তার তর্কাতর্কি হয়। এর কিছুক্ষণ পরেই রমজানের অনুসারীরা ছুরি, রুটি ও বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিনোদপুর বাজার ও মন্ডলের মোড় এলাকার বাংলা টিফিন ও বঙ্গভোজ হোটেলে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় ৪টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
হামলা প্রসঙ্গে মতিহার থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, “রমজান নামে এক স্থানীয় নেতা বাংলা টিফিনে খাবার কিনতে গিয়েছিলেন। হোটেল থেকে তাকে একটি খাবারের প্যাকেট দিয়ে বলা হয় যে আরেকটি প্যাকেট পেতে ২০ মিনিট সময় লাগবে। এতে তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং তর্কে জড়িয়ে যান। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। কিন্তু ততক্ষণে রমজানের লোকেরা একটি দল গঠন করে বাংলা টিফিন ও বঙ্গভোজ রেস্তোরাঁয় হামলা চালায়।”