আনোয়ারায় মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় গুরুতর আহত পাঁচ বছরের এক শিশুকেও উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরিকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামটি বড়ুয়া পাড়া এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন এনি বড়ুয়া (৪০) ও তাঁর মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। এনি বড়ুয়ার ছেলে আহত পিয়াস বড়ুয়া (৫) হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের বাড়িটি চেনামটি বড়ুয়া পাড়া বৌদ্ধ বিহার মন্দিরের সংলগ্ন এলাকায়। পরিবারের কর্তা সুজন বড়ুয়া চট্টগ্রাম শহরের খাতুনগঞ্জ এলাকার একটি আবাসিক ভবনে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত।
প্রতিবেশী সুরভী বড়ুয়া জানান, রাতে চিৎকারের শব্দ শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তাঁরা বাড়ির দরজার সামনে এনি বড়ুয়া ও তাঁর ছেলে পিয়াসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বাড়ির ভেতরে প্রিয়ন্তী বড়ুয়ার রক্তাক্ত দেহ পাওয়া যায়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলেও এনি বড়ুয়া ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে আনোয়ারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে।
এদিকে, মৃত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া দাবি করেছেন যে, তাঁর প্রতিবেশী লিমন বড়ুয়া তেজপ্রিয়ার সঙ্গে তাঁর আর্থিক লেনদেন ছিল। তিনি মনে করেন, সেই লেনদেন সংক্রান্ত কাগজপত্রের খোঁজেই হয়তো লিমন বাড়িতে এসে এই হামলা চালিয়েছে।
সুজন বড়ুয়া বলেন, আমি শহরে ছিলাম। রাতে বড় ভাইয়ের কাছ থেকে ফোন পেয়ে বাড়ি এসে দেখি সব শেষ হয়ে গেছে। আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

