তারেক রহমানের সরকারের প্রথম বাজেট ঘোষণা চলছে
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট জাতীয় সংসদে পেশ করা হচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার, বিকেল ৩টায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ শুরু করেছেন। আগামী অর্থবছরের জন্য বিএনপি সরকারের পেশ করা এই বাজেটটি দেশের ইতিহাসে বৃহত্তম জাতীয় বাজেট। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা ধরা হয়েছে। এটি বাংলাদেশের ৫৫তম বাজেট।
বাজেটের এই আকারের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয়-ব্যয়ের মধ্যে ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকায়। এই বিশাল বাজেট ঘাটতি মেটাতে সরকার দেশীয় ও বৈদেশিক উভয় উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে। বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লক্ষ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।
সংসদে পেশ করার আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেটটি অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সকালে জাতীয় সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী, সংসদে পেশ করার আগে বাজেটটি মন্ত্রিসভায় অনুমোদিত হয় এবং এরপর রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন তাতে সম্মতি ও স্বাক্ষর দেন। আর ১ জুলাই থেকে শুরু হওয়া নতুন অর্থবছরের সঙ্গেই বাজেটটি কার্যকর হয়।

