মাদারীপুরে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে ১ জনের মৃত্যু
মাদারীপুরের রাজৈর উপজেলায় একটি পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে টেকেরহাট-কবিরাজপুর সড়কের তাটিকান্ডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ সকালে কবিরাজপুর থেকে টেকেরহাটের দিকে একটি ইজিবাইক যাচ্ছিল। পথে তাটিকান্ডা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ইজিবাইক চালকসহ চারজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালক শামীম মুন্সিকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত শামীম মুন্সি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের কাশেম মুন্সির ছেলে। এ প্রসঙ্গে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় জড়িত পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

