বিবিধ

রাজশাহীতে ট্রাক দুর্ঘটনায় ২ অটোরিকশা যাত্রী নিহত

রাজশাহীর মোহনপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি আজ বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলার খারাইল এলাকায় ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
তার নাম আব্দুল্লাহ আল ফিরোজ (৪০)। তিনি মোহনপুর উপজেলার ইসলামী ব্যাংকের কেশরহাট শাখার ক্যাশ ইনচার্জ। তার বাড়ি নওগাঁর মান্ডা উপজেলার চাক শ্যামরাই গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ আলী। তবে, প্রায় ৫০ বছর বয়সী অপর ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। আহত এক নারীসহ চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোদাস্বর হোসেন খান নিহত ফিরোজের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহনপুর উপজেলার খারাইল এলাকায় ট্রাকের ধাক্কায় ফিরোজ নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (আরএমসি) হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
আরএমসি হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স মো. উজ্জ্বল জানান, নিহত দুজনের পরিচয় এখনও জানা যায়নি। তাদের মরদেহ অজ্ঞাতপরিচয় হিসেবে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর আহত চারজনকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এদিকে, মোহনপুর থানার এসআই মোদাস্বর হোসেন খান জানান, নিহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়। তিনি আরও জানান, এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে।