আন্তর্জাতিক

লেবাননের সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ১৪টি হামলার দায় স্বীকার করেছে

আল জাজিরা জানিয়েছে, দেশটির সশস্ত্র গোষ্ঠী (হিজবুল্লাহ) দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে একাধিক হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি জানিয়েছে, স্থানীয় সময় গত সোমবার রাত (৮ জুন) থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ধারাবাহিক অভিযানে তারা ইসরায়েলি সেনা, সাঁজোয়া যান এবং কমান্ড পোস্ট লক্ষ্য করে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে হিজবুল্লাহর মিডিয়া সেল জানিয়েছে, দক্ষিণ লেবাননের বায়াদা, রাশাফ, আল-কাওজাহ এবং কানতারা এলাকায় ইসরায়েলি সেনা ও সামরিক যানকে একাধিকবার লক্ষ্যবস্তু করা হয়েছে। গোষ্ঠীটি আরও দাবি করেছে যে, জাওতার আল-শারকিয়াহ এবং খায়ামে ড্রোন হামলায় দুটি সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।
হিজবুল্লাহ আরও বলেছে যে, তারা ইকলিম আল-তুফাহ এলাকায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে একটি ইসরায়েলি হার্মিস-৪৫০ ড্রোন প্রতিহত করেছে এবং একটি বিস্ফোরক ড্রোন স্কোয়াড্রন দিয়ে রাস আন-নাকুরা (ইসরায়েলি নাম রোশ হানিকরা) নৌঘাঁটিতে হামলা চালানোর দাবিও করেছে।