ইসরায়েলি রাসায়নিক কারখানায় হামলার দায় স্বীকার করেছে আইআরজিসি
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে যে, ইরানের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় ‘মার্কিন-ইসরায়েলি’ হামলার জবাবে তারা ইসরায়েলের হাইফায় অবস্থিত একটি অনুরূপ রাসায়নিক কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, এটি একটি প্রতিশোধমূলক হামলা ছিল। বাহিনীটি আরও সতর্ক করেছে যে, ভবিষ্যতে বেসামরিক বা জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে আরও হামলা চালানো হলে তা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। আইআরজিসি দাবি করেছে যে, এমন পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্রকে এর দায়ভার বহন করতে হবে।
ইরানের এই হামলার বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। প্রসঙ্গত, ইসরায়েল গতকাল রবিবার (৭ জুন) যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালায়। এর জবাবে তেহরান উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
রবিবার রাতে ইসরায়েলে হামলার পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর এক বিবৃতিতে জানায় যে, তারা আর যুদ্ধবিরতি লঙ্ঘন সহ্য করবে না। এরই অংশ হিসেবে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। ইরানের হামলার জবাবে আজ ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে। ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

