জাতীয়

আমরা শেখ হাসিনার বিচার চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আশা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা তার বিচার চাই। আজ রবিবার (২৪ মে) সচিবালয়ের মিডিয়া সেন্টারে বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্ন ছিল – বিভিন্ন গণমাধ্যম বলছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন। তার ভ্রমণ পাস নিয়ে আলোচনা চলছে। এ ব্যাপারে আপনাদের কাছে কোনো প্রস্তুতি বা তথ্য আছে কি?
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এ কথা অনেক আগেই বলেছি। আমরা অনেক আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে চিঠি পাঠিয়েছি। আমরা এখনও চাই, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি ভারত থেকে ফিরে আসুন। আমরা চাই তার বিচার হোক। আলোচনাটিতে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসুদুল হক। সাধারণ সম্পাদক উবাইদুল্লাহ বাদল আলোচনাটি সঞ্চালনা করেন।