জাতীয়

নকল পণ্য তৈরির দায়ে একটি কোম্পানিকে ২ লাখ টাকা জরিমানা

নকল পণ্য তৈরির অভিযোগে বগুড়া সদরের লতিফপুর কলোনি এলাকায় একটি কোম্পানিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সুরক্ষা অধিদপ্তর। এ সময় কোম্পানিটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার (২৪ মে) সকাল ১১টার দিকে লতিফপুর কলোনির ‘সেলিনা আশরাফের মণ্ডল হাউস’ নামের তিনতলা ভবনের তৃতীয় তলায় এই অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সুরক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। জানা গেছে, ফিরোজ কবির ফারুক নামে এক ব্যক্তি প্রায় ৯ মাস আগে ভবনটির তৃতীয় তলা ভাড়া নিয়ে সেখানে বিভিন্ন নকল পণ্য তৈরি ও বাজারজাত করছিলেন।
অভিযানের সময় অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার আইনে কোম্পানিটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে, নকল পণ্য তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়েছে। অভিযোগ উঠেছে যে, নিবন্ধিত বিডি হেলথ কোম্পানির ‘প্রশান্তি তেল’ সহ বিভিন্ন পণ্য হুবহু নকল করে বাজারজাত করা হচ্ছিল। এমনকি আসল কোম্পানির প্যাকেট ও গ্রাহকের তথ্য ব্যবহার করে নকল পণ্য সরবরাহের অভিযোগও উঠেছে। আরও জানা গেছে যে, আসল ‘প্রশান্তি তেল’-এর বিপণন সংস্থা হিসেবে ঢাকার আশ-শিফার নাম ব্যবহার করা হচ্ছিল।
ভবনটির মালিক জানান, ফিরোজ কবির ফারুক পরিবারের সঙ্গে থাকা ও অনলাইন ব্যবসার অজুহাতে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। তিনি নিয়মিত ভাড়াও পরিশোধ করছিলেন। তবে, ভাড়া করা বাড়িটিতে যে এমন কার্যকলাপ চলছিল, সে বিষয়ে তারা অবগত ছিলেন না।
কোম্পানিটিতে চারজন নারী ও তিনজন পুরুষ কাজ করতেন। সেখানে কর্মরত হাসি খাতুন নামের এক কর্মী জানান, তিনি ডিপ্লোমা শেষ করে এক সপ্তাহ আগে চাকরিতে যোগ দেন। তার মূল বেতন ছিল আট হাজার টাকা। তিনি বলেন, “আমরা অনলাইনে পণ্য বিক্রি করতাম। পণ্যগুলো আসল না নকল, তা আমরা জানতাম না।”
সেখানে কর্মরত কলেজের ছাত্র আরিফ ও আরিয়ানও একই ধরনের বক্তব্য দিয়েছেন। জাতীয় ভোক্তা অধিকার সুরক্ষা অধিদপ্তর জানিয়েছে যে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানে র‌্যাব-১২ এর একটি দল এবং বগুড়া জেলা পরিষদ সার্বিক সহায়তা প্রদান করেছে।