পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের বার্তা পর্যালোচনা করছে তেহরান: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
চলমান সংঘাতের অবসানে ইরানের সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্রের পাঠানো বার্তা বা প্রতিক্রিয়া এখন পর্যালোচনা করছে তেহরান। আজ বৃহস্পতিবার (২১ মে) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘নূর নিউজ’-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির খসড়া দলিলের শব্দচয়ন ও শর্তাবলী নিয়ে পাকিস্তান সরকারের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা বিনিময় চলছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, ইরানের উত্থাপিত প্রধান ১৪টি বিষয়ের ওপর ভিত্তি করে দুই দেশের মধ্যে ইতোমধ্যে বেশ কয়েকটি বার্তা বিনিময় সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের অবস্থান ও প্রতিক্রিয়া তেহরানে পৌঁছেছে উল্লেখ করে তিনি আরও বলেন, “আমরা মার্কিন পক্ষের মতামত ও দৃষ্টিভঙ্গি পেয়েছি এবং বর্তমানে অত্যন্ত গুরুত্বের সাথে তা পর্যালোচনা করছি।”
উল্লেখ্য যে, মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসন এবং সংঘাত এড়াতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গোপন কূটনীতি বা পরোক্ষ আলোচনা সক্রিয় রাখতে ইসলামাবাদ মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

