জাতীয়

জবাবদিহিতা ও ন্যায্যতা ছাড়া স্থায়ী নিরাপত্তা বা স্থিতিশীলতা অর্জন করা যায় না: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, জবাবদিহিতা ও ন্যায্যতা ছাড়া শুধু ক্ষমতার জোরে স্থায়ী নিরাপত্তা বা স্থিতিশীলতা অর্জন করা যায় না। আজ বুধবার (২০ মে) বিকেলে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস-এর নিরাপত্তা ও কৌশলবিদ্যা অনুষদ আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, যখন জনগণ নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা রাখবে, তখন জাতীয় শক্তি ও দায়িত্ববোধ একসঙ্গে এগিয়ে যাবে। এছাড়া, জাতীয় নিরাপত্তা শুধু সরকার বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়, বরং এটি দেশের নাগরিক, শিক্ষাবিদ, গবেষক এবং সমগ্র সমাজের সম্মিলিত মূল্যবোধের মাধ্যমে নির্মিত হয়।
তিনি আরও বলেন, একটি শক্তিশালী রাষ্ট্র শুধু অবকাঠামোগত উন্নয়ন বা অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর ভিত্তি করে গড়ে ওঠে না, বরং এটি সচেতন নাগরিক, দায়িত্বশীল নেতৃত্ব এবং জনগণের আস্থার মাধ্যমে নির্মিত হয়। স্পিকার বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক ও অনিশ্চিত একটি বিশ্বের মুখোমুখি হতে হবে। তবে, তিনি যুবকদের এই অনিশ্চয়তায় ভীত না হয়ে বরং প্রস্তুতি, শৃঙ্খলা এবং দেশের প্রতি গভীর দায়িত্ববোধ জাগিয়ে তোলার আহ্বান জানিয়েছেন।