মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে ছাত্রদল নেতা ছুরিকাঘাতে আহত
জমি ও মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে ফেনীতে এক ছাত্রদল নেতা ছুরিকাঘাতের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (১৮ মে) রাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বগাইর বল্লাপুকুর এলাকায়। আহত ছাত্রদল নেতা হলেন মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আবতাহী হোসেন তাহি (২০)। পিঠে ছুরির আঘাত নিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাহি ফেনী সদর উপজেলার রামপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে।
এই ঘটনায় অভিযুক্ত খুরশিদকে পুলিশ আজ মঙ্গলবার (১৯ মে) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ও জমি ব্যবসা বন্ধ করা নিয়ে বগাইর এলাকার খুরশিদ ও মারুফ নামে দুজনের সঙ্গে তাহির তর্কাতর্কি হয়েছিল। এক পর্যায়ে খুরশিদ তাহিরের পিঠে ছুরিকাঘাত করে। এ সময় জাবেদ নামে আরেকজন আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান।
মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি গাজী সালাউদ্দিন আমান বলেন, আমাদের কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবতাহী হোসেন তাহি পাঁচগাছিয়া এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। আমরা এই ঘটনার যথাযথ তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল যুগান্তরকে জানান, মাদক ও জমি ব্যবসা নিয়ে দুই স্থানীয় যুবকের সঙ্গে তর্কাতর্কির জের ধরে এই ঘটনা ঘটে। জেলা ছাত্রদলের পক্ষ থেকে আমরা এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজল আজিম জানান, অভিযুক্ত খুরশিদকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

