ইরাকের মরুভূমিতে আরও একটি মার্কিন ঘাঁটির সন্ধান
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য ইসরায়েল গোপনে ইরাকে দুটি সামরিক ঘাঁটি তৈরি করেছিল। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এই ঘাঁটিগুলো রক্ষা করতে গিয়ে একজন ইরাকি সৈন্য ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর আগে, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল যে, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সময় ব্যবহারের জন্য ইসরায়েল ইরাকের পশ্চিম মরুভূমিতে একটি ঘাঁটি তৈরি করেছে। পরে, স্যাটেলাইট চিত্রে কারবালার দক্ষিণ-পশ্চিমে একটি শুকনো হ্রদের মধ্যে একটি অস্থায়ী বিমানঘাঁটির মতো কাঠামো দেখা যায়।
তবে, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে যে সেখানে আরও একটি গোপন ঘাঁটি ছিল। যেটি ২০২৫ সালের জুনে ইরানের সঙ্গে সংঘাতে এবং এই বছরের যুদ্ধেও ব্যবহৃত হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ২০২৪ সালের শেষের দিকে ঘাঁটিগুলো নির্মাণ শুরু করে। এও দাবি করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র এ বিষয়ে অবগত ছিল। তবে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কেউই এখনও এটি স্বীকার করেনি।
প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘাঁটিগুলো ইরানের ওপর হামলার সময় কমাতে, চিকিৎসা সহায়তা প্রদান করতে এবং ইসরায়েলি বিমান বাহিনীর জন্য রসদ সরবরাহ নিশ্চিত করতে ব্যবহৃত হতো। সেখানে বিশেষ বাহিনী এবং উদ্ধারকারী দলও মোতায়েন করা হয়েছিল। পশ্চিম ইরাকের স্থানীয় বেদুইনরা কয়েক সপ্তাহ ধরে কর্তৃপক্ষকে সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে সতর্ক করে আসছিল। তবে, দাবি করা হচ্ছে যে, দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং যুক্তরাষ্ট্রের কাছে তথ্য চাওয়া সত্ত্বেও তারা পর্যাপ্ত সহায়তা পায়নি।
নিউ ইয়র্ক টাইমসের মতে, ৩ মার্চ ঘাঁটির দিকে যাওয়ার সময় আওয়াদ আল-শাম্মারি নামের এক বেদুইন মেষপালক ইসরায়েলি হেলিকপ্টার হামলায় নিহত হন। পরে, ইরাকি বাহিনীর একটি নজরদারি অভিযানে একজন সৈন্য নিহত এবং আরও দুজন আহত হন। ইরাকি আইনপ্রণেতা ওয়াদ আল-কুদু বলেছেন যে, এটি ইরাকের সার্বভৌমত্ব এবং তার জনগণের মর্যাদার প্রতি স্পষ্ট অবজ্ঞা। তবে, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

