খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের তিন সদস্য গ্রেপ্তার
খাগড়াছড়ির রামগড়ে একটি যৌথ অভিযানে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত তিনজনই ইউপিডিএফের সদস্য। ঘটনাটি ঘটে গতকাল শনিবার (১৬ মে) বিকেলে। অভিযান চলাকালে একজন গুলিবিদ্ধ হন। গ্রেপ্তারকৃতরা হলেন সাথোয়াই মারমা (৩৫), রনেল চাকমা (২৮) এবং সার্চিং মারমা ওরফে রাজু (১৯)। এদের মধ্যে সাথোয়াই মারমা গুলিবিদ্ধ হয়ে আহত হন।
পুলিশ জানিয়েছে, রনেল চাকমা ইউপিডিএফের কালেক্টর এবং বাকি দুজন সংগঠনটির সদস্য। পুলিশ জানায়, গতকাল দুপুর ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রামগড়ের পটছড়া ইউনিয়নের বুদাংছড়া এলাকায় সেনাবাহিনী ও রামগড় পুলিশ একটি যৌথ অভিযান চালায়।
সেই সময় সন্ত্রাসীরা আইন প্রয়োগকারী সংস্থার ওপর গুলি চালায়। পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় সাতোয়াই মারমাকে পাওয়া যায় এবং কালেক্টর রনেল চাকমা ও রাজু মারমাকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ৬ রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আহত সাতোয়াই মারমাকে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

