অর্থনৈতিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ করবে না সরকার: অর্থমন্ত্রী
দেশের অর্থনীতিতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না। আজ মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধন ও তহবিল ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, সরকার পুঁজিবাজার, বিনিয়োগ বাজার এবং সার্বিক আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ করছে। বিদেশি বিনিয়োগকারীরা বর্তমানে বাংলাদেশের বাজারে আগ্রহ দেখাচ্ছেন। অর্থনৈতিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থমন্ত্রী আরও বলেন, এই খাতটি পেশাদারিত্বের সাথে পরিচালিত হবে।
অনুষ্ঠানটিতে দেশের ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের সহযোগিতায় চালু হওয়া বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মের প্রথম তহবিলের উদ্বোধন করা হয়। প্রায় ৪২৫ কোটি টাকা মূলধন নিয়ে এই প্ল্যাটফর্মটি তার যাত্রা শুরু করেছে। তহবিলটি মূলত সিড, লেট-সিড এবং সিরিজ-এ পর্যায়ের স্টার্টআপগুলোতে বিনিয়োগ করবে।

