গাজীপুরে গলা কেটে অটোরিকশা চালককে হত্যা
গাজীপুর মহানগরের গাছা থানার উজারপাড়া মোহর বাড়ি এলাকায় এক দুষ্কৃতকারী এক অটোরিকশা চালকের গলা কেটে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (১১ মে) রাতে। নিহত অটোরিকশা চালক হলেন নেত্রকোনার মদন থানার গোবিন্দশ্রী এলাকার মোঃ আমির মিয়ার ছেলে শুভ (১৬)।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মামুনুর রশিদ জানান, শুভ গাজীপুর মহানগরের শরীফপুর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে অটোরিকশা চালাত। গতকাল সন্ধ্যায় সে একটি অটোরিকশায় করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সকালে উজারপাড়া এলাকায় স্থানীয়রা তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা রাতে তার গলা কেটে অটোরিকশায় করে পালিয়ে যায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

