দেশজুড়ে

মাদকের টাকা না পাওয়ায় মাকে খুন, বাবা ও বোন ছুরিকাঘাতে আহত

দাগনভূঁইয়াঁর সিন্ধুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের রাফি (২১) নামের এক মাদকাসক্ত তার মা লাকি বেগম টাকা না দেওয়ায় ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তাকে বাধা দিতে গেলে সে তার বাবা মো. মোস্তফা ও বোন মিথিলাকে (১৮) ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। ঘটনাটি ঘটে গতকাল রবিবার (১০ মে) রাত ১০টায়।
পরে পরিবারের সদস্যদের চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা এসে মাকে মৃত অবস্থায় দেখতে পান। তারা আহত বাবা ও বোনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ রাফিকে গ্রেপ্তার করে। রাফি সিন্ধুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের সুপারিনটেনডেন্ট মকবুল আহমেদের বাড়ির মো. মোস্তফার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টায় রাফি তার মা লাকি বেগমের কাছে মাদকের টাকা চাইলে মা তাকে টাকা দিতে অস্বীকার করেন। এর ফলে রাফি তার মাকে ছুরিকাঘাত করে। বাবা ও বোন বাধা দিলে তাদেরও ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মা মারা যান।
বাবা ও বোনের অবস্থা আশঙ্কাজনক এবং উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। স্থানীয়রা রাফিকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ খুনি ও মাদকাসক্ত রাফিকে গ্রেপ্তার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে সিন্ধুরপুর ইউনিয়ন কুমিল্লা জেলা সীমান্তে অবস্থিত। তাই এই এলাকাটি মাদক ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ পথ।
ঘটনাটি নিশ্চিত করে দাগনভূঁইয়া থানার ওসি (তদন্ত) ফেরদৌসী বেগম যুগান্তর বলেন, “ঘটনার খবর পাওয়ামাত্রই আমি ওসি ফয়জুল আমিন নোমানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাই এবং এই মর্মান্তিক ঘটনায় খুনি রফিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। তাকে সোমবার বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”