নৌচলাচল শতভাগ নিরাপদ করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার: নৌপরিবহন মন্ত্রী
আসন্ন ঈদকে সামনে রেখে নৌচলাচল শতভাগ নিরাপদ করতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন, সড়ক পরিবহন, নৌপরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। আজ রবিবার (১০ মে) সকালে নৌপরিবহন নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।
নৌপরিবহন মন্ত্রী বলেন, ঈদে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না। নৌপথে শৃঙ্খলা ফিরিয়ে আনতে লঞ্চ মালিকদের জবাবদিহি করতে হবে। এছাড়া, যাত্রী সেবার মান উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের নৌপথগুলো মূলত প্রকৃতির দান। একে নিরাপদ ও সমৃদ্ধ করতে শৃঙ্খলা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এছাড়া, ঈদের যাত্রা মসৃণ ও নিরাপদ করতে নৌপথে নজরদারি বাড়ানোসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে বলে সরকার জানিয়েছে। এদিকে, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান অনুষ্ঠানে বলেন, ঈদে কোনো লাইসেন্সবিহীন ও অনুপযুক্ত নৌযান চলাচল করতে দেওয়া হবে না। নৌ পুলিশ, কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কিছু অননুমোদিত নৌযান এখনও ছোট জলপথে চলাচল করছে। আমি নৌ পুলিশ ও কোস্ট গার্ড সদস্যদের এ বিষয়ে কড়া নজর রাখার অনুরোধ করব।

