রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত
রুশ সেনাবাহিনীর হয়ে লড়াই করার সময় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দা মো. রিয়াদ রশিদ (২৮)। তিনি রুশ সেনাবাহিনীতে নিয়মিত সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। নিহত রিয়াদ করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা এবং জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবদুর রশিদের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে রিয়াদ ছিলেন চতুর্থ।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে রিয়াদের বন্ধু লিমন দত্ত সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারে তার মৃত্যুর খবর পরিবারকে জানান। গত ২ মে ইউক্রেনীয় বাহিনী রাশিয়া সীমান্তে একটি ড্রোন হামলা চালায়। এতে রিয়াদসহ দুই বাংলাদেশি ও এক নাইজেরীয় নাগরিক নিহত এবং আরও তিনজন আহত হন। এছাড়াও, লিমন নিজেও রাশিয়ার একই ক্যাম্পে সেনা সদস্য হিসেবে কর্মরত ছিলেন এবং ড্রোন হামলায় গুরুতর আহত হয়ে একটি পা হারান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পরিবারের দাবি, রিয়াদ গত বছরের অক্টোবরে একটি কোম্পানিতে কাজের জন্য রাশিয়া গিয়েছিলেন। তিনি ৭ এপ্রিল রুশ সেনাবাহিনীতে যোগ দেন। তার ব্যাচ নম্বর ছিল ৭৩৫। তবে, সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি পরিবার আগে থেকে জানত না। নিহতের বাবা আবদুর রশিদ বলেন, “রিয়াদ যে সেনাবাহিনীতে যোগ দিয়েছে, তা আমাদের জানানো হয়নি। যদি জানতাম, আমি তাকে কখনোই সেখানে যেতে দিতাম না। এখন শুনছি ড্রোন হামলায় সব শেষ হয়ে গেল। আমি আমার ছেলের লাশও খুঁজে পাচ্ছি না। একজন বাবা হিসেবে আমি এই যন্ত্রণা কীভাবে সহ্য করব?”
জাফরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাদাত মো. সায়েম বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। আমি নিহতের পরিবারের খোঁজখবর নিয়েছি। সরকারের পক্ষ থেকে কোনো আর্থিক সহায়তা পাওয়া গেলে আমরা অবশ্যই তার ব্যবস্থা করব।” করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরানুল কবির বলেন, “পুলিশ রিয়াদ রশিদের বাড়িতে গিয়ে তার আত্মীয়দের সঙ্গে কথা বলে তার মৃত্যু নিশ্চিত করেছে।”

