তুরস্ক ছাড়া ইউরোপ অসম্পূর্ণ: এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন যে, তুরস্ক ছাড়া ইউরোপ অসম্পূর্ণ। তিনি বলেন, তুরস্ককে যথাযথভাবে অন্তর্ভুক্ত করা না হলে ইউরোপীয় নিরাপত্তা ও রাজনৈতিক কাঠামো ‘অসম্পূর্ণ এবং সংকট মোকাবেলায় দুর্বল’ থেকে যাবে। গতকাল শনিবার (৯ মে) ইউরোপ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এই মন্তব্য করেন। দেশটির আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এরদোয়ান বলেন, ইউরোপীয় একীকরণের ভিত্তি হিসেবে পরিচিত ‘শুমান ঘোষণা’ শুধু ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতীকই নয়, বরং শান্তি, সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি অভিন্ন ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতিরও প্রতিফলন। তিনি বলেন, ৭৬ বছর আগে প্রতিষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের মূল নীতিগুলো বর্তমানে যুদ্ধ, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অর্থনৈতিক সংকটসহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে পরীক্ষিত হচ্ছে।
তুর্কি প্রেসিডেন্টের মতে, বিশ্বজুড়ে চলমান সংঘাত এবং অর্থনৈতিক সংকট ইউরোপীয় ইউনিয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক ও ঐক্যবদ্ধ নীতি গ্রহণে ‘বাধ্য’ করছে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রার্থী দেশ হিসেবে তুরস্ক এই প্রক্রিয়ায় একটি ‘অপরিহার্য ও গুরুত্বপূর্ণ অংশীদার’।
এরদোয়ান আরও বলেন যে, আঙ্কারা পারস্পরিক দায়িত্ববোধ এবং পূর্ণ সদস্যপদের লক্ষ্যকে সামনে রেখে ‘উভয় পক্ষের জন্য লাভজনক’ ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে, তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকেও একই ধরনের আন্তরিকতা ‘প্রত্যাশা’ করছে।
তুরস্কের রাষ্ট্রপতি বলেন, ‘আমরা আগেও বলেছি যে, তুরস্কের যেমন ইউরোপীয় ইউনিয়নকে প্রয়োজন, তেমনি ইউরোপীয় ইউনিয়নেরও তুরস্ককে প্রয়োজন। ভবিষ্যতে এই প্রয়োজন আরও বাড়বে।’ বার্তার শেষ অংশে, এরদোয়ান ইউরোপ দিবস উপলক্ষে সমগ্র ইউরোপ জুড়ে শান্তি, সমৃদ্ধি এবং সংহতি কামনা করেন। একই সাথে, তিনি ইউরোপের জনগণ এবং তুরস্কের নাগরিকদের শুভেচ্ছা জানান।

