লেবাননে আবারও ইসরায়েলি হামলা, ৩৯ জন নিহত
চলমান যুদ্ধবিরতির মধ্যে লেবানন আরও একটি রক্তাক্ত দিন পার করেছে। গত ২৪ ঘণ্টায় হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি গতকাল শনিবার (৯ মে) এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় সিডন অঞ্চলের একটি শহরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় শিশুসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। অন্যান্য কিছু এলাকায় ড্রোন ও গাইডেড মিসাইলের আঘাতে বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বাড়িঘর ধ্বংসের পাশাপাশি স্থানীয়দের জন্য জরুরি নির্দেশনা জারি করা হচ্ছে।
ওয়াশিংটনের মধ্যস্থতায় দ্বিতীয় দফার শান্তি আলোচনার পর আইডিএফ লেবাননে তাদের হামলা আরও তীব্র করেছে। যুদ্ধবিরতির পর থেকে আইডিএফের হামলায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। অন্যদিকে, হিজবুল্লাহ বেশ কয়েকটি ইসরায়েলি এলাকা লক্ষ্য করে পাল্টা হামলার দায় স্বীকার করেছে।
উল্লেখ্য যে, গত সপ্তাহে লেবাননে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ১২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতের নতুন এই পর্বে লেবাননে মৃতের সংখ্যা এখন ২,৭৯৫-এ পৌঁছেছে।

