রাজনীতি

জুলাই সনদ ইস্যুতে বিএনপি ছলচাতুরি করছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়ন ইস্যুতে বিএনপির বিরুদ্ধে ছলচাতুরির অভিযোগ করেছেন। আজ শনিবার (৯ মে) রাজধানীর একটি হোটেলে সংস্কার নিয়ে অচলাবস্থা ও করণীয় বিষয় নিয়ে এনসিপির এক সংলাপে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, সরকার এখনো কোনো স্পষ্ট অবস্থান নেয়নি। তারা ছলচাতুরি করছে। তারা বলছে জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু কখন, কীভাবে এবং কত সময়ের মধ্যে তা বাস্তবায়ন করা হবে, তা এখনো স্পষ্ট নয়। তিনি আরও বলেন, দেশে একটি অচলাবস্থা তৈরি হয়েছে। আমরা এই অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে চাই এবং এর দায় সরকারকে নিতে হবে। এ কারণেই আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি।
নাহিদ ইসলাম বলেন, এ বিষয়ে আলোচনার সুযোগ না থাকলে শান্তিপূর্ণ আন্দোলন আরও কঠিন হয়ে পড়বে। আন্দোলন কতটা কঠিন হবে, তা নির্ভর করবে সরকার কীভাবে সাড়া দেয় তার ওপর। তিনি আরও বলেন যে, প্রাতিষ্ঠানিক সংস্কারের অভাবে দেশের জনগণ এখনও এর সুফল ভোগ করতে পারছে না। এছাড়াও, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং মানবাধিকার পরিস্থিতিরও কোনো উন্নতি হয়নি। তিনি এও উল্লেখ করেন যে, রাজনৈতিক অঙ্গনে এখনও অবিশ্বাস বিদ্যমান।