বিবিধ

সড়ক দুর্ঘটনায় নারী পথচারী নিহত

মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় ইয়াসমিন (৩৬) নামের এক নারী পথচারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (৮ মে) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন রাজধানী ঢাকার কদমতলী থানার মুরাদপুর এলাকার বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত প্রাইভেট গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়াসমিন গজারিয়া উপজেলার ভাবরচর ইউনিয়নের আলিপুরা গুনপুর এলাকায় মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে ঢাকায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, ইয়াসমিন মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। ভাবরচর হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহ কামাল অখণ্ড জানান, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।