মাদক নিয়ন্ত্রণে দেশে বিশেষ অভিযান শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, মাদক নিয়ন্ত্রণে গত ১ মে থেকে দেশব্যাপী আইন প্রয়োগকারী সংস্থাগুলোর একটি বিশেষ অভিযান শুরু করা হয়েছে। আজ সোমবার (৪ মে) সচিবালয়ে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা বিষয়ক জাতীয় কমিটির প্রথম বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
বৈঠকটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন। মাদক নিয়ন্ত্রণে সিন্ডিকেটের দীর্ঘদিনের অভিযোগ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “হয়তো আপনারা এমনটা ভাবেন। আমরা এখনও পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছি।”
যদিও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা অভিযানে রয়েছেন, তবে শুধু মাদক বিভাগই এই অভিযান পরিচালনা করছে না, পুলিশ-র্যাবসহ অন্যান্য সংস্থাও এতে অংশ নিচ্ছে এবং সহায়তা প্রদান করছে। দেশে মাদক ছড়িয়ে পড়েছে, যা একদিনে ঘটেনি। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে আমরা একটি কঠোর অভিযান শুরু করেছি। এ ব্যাপারে প্রতিদিন অগ্রগতি হচ্ছে। মাদকের পাশাপাশি আমরা অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধেও যৌথ অভিযান চালাচ্ছি। পুলিশও আলাদাভাবে অভিযান চালাচ্ছে।
এ ব্যাপারে কোনো বিশেষ অভিযান পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো বিশেষ অভিযান। আমরা গত ১ মে থেকে এটি শুরু করেছি এবং সারাদেশে তা চালাচ্ছি। এখন, মাদকের সঙ্গে জড়িতদের মধ্যে ব্যবহারকারীদের গ্রেপ্তার করার পরিবর্তে, আমরা বড় পাচারকারী এবং যারা সীমান্ত পেরিয়ে মাদক নিয়ে আসে তাদের গ্রেপ্তারের ব্যবস্থা করছি। যারা আসক্ত, তাদের ধরা তুলনামূলকভাবে সহজ।

